
আব্দুল মালেক, উলিপুর:
বয়স ৬৫ পেরিয়েছে, কিন্তু থেমে নেই জীবন সংগ্রাম। কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর গ্রামের মজিবর রহমান গত ২০ বছর ধরে বিচি কলার মোচা সহ শাকসবজি বিভিন্ন হাটবাজারে বিক্রি করে সৎভাবে জীবিকা নির্বাহ করে আসছেন।
প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত নিজের সংগ্রহ করা টাটকা কলার মোচা ও শাকসবজি নিয়ে বিকেলে উলিপুর, থেতরাই, বাকরের হাট-বাজারে বিক্রি করার জন্য বের হন তিনি। এলাকায় তার কলার মোচার বেশ চাহিদা রয়েছে। বর্তমানে প্রতি পিস বিচি কলার মোচা বিক্রি করছেন ৫০ টাকা দরে। ক্রেতারাও তার সততা ও ভালো ব্যবহারের জন্য তার কাছ থেকেই কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
জীবনে অনেক ঝড় গেছে মজিবর রহমানের উপর দিয়ে। এক ছেলেকে হারিয়েছেন, একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। বর্তমানে স্ত্রীকে নিয়ে তার দুই জনের সংসার। অভাব থাকলেও কারো কাছে হাত পাতেননি কখনো। নিজের শ্রমকে পুঁজি করেই বাঁচতে চান তিনি।
মজিবর রহমান বলেন, “পরিশ্রম করলে আল্লাহ্ চালায়। কারো কাছে হাত পাততে হয় না। যতদিন শরীরে শক্তি আছে, এই কাজ করেই খাব।”
স্থানীয়রা জানান, মজিবর রহমান একজন অত্যন্ত পরিশ্রমী ও সৎ মানুষ। বয়সের ভারে নুয়ে পড়লেও তিনি কারো বোঝা হয়ে থাকতে চান না। তার এই আত্মনির্ভরশীলতা ও পরিশ্রম তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।
এ বিষয়ে থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, “মজিবর রহমান আমাদের ইউনিয়নের একজন অত্যন্ত সৎ, পরিশ্রমী ও আত্মমর্যাদাশীল মানুষ। এই বয়সেও তিনি কারো কাছে হাত না পেতে নিজের কষ্টার্জিত শ্রম দিয়ে সৎভাবে জীবিকা নির্বাহ করছেন, যা সত্যিই প্রশংসনীয়। তার এই আত্মনির্ভরশীলতা ও সততা আমাদের সবার জন্য, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য একটি বড় অনুপ্রেরণা।”
প্রধান সম্পাদক
দিপালী রানী রায়
সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত;
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ফার্মগেট ঢাকা(অফিস) ও কলেজ রোড রাজারহাট থেকে প্রকাশিত । যোগাযোগ: বার্তা বিভাগ- ০১৭৩৭-১৬৯৪৬৩, বিজ্ঞাপন ও সম্পাদকীয় বিভাগ-০১৩০৩০৩৩৩৭১, ই-মেইল- নিউজ: dailytolpernews@gmail.com বিজ্ঞাপন: prohalad@gmail.com
Copyright © 2026 dailytolper. All rights reserved.