যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকোম) শীর্ষ কমান্ডার ব্র্যাড কুপারের মাথার দাম নির্ধারণ করেছে ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার।
ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি বিষয়ক পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান এব্রাহিম আজিজির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইউকে।-খবর তোলপাড়।
টেলিগ্রাফ ইউকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সংসদ সদস্য এব্রাহিম আজিজি জানিয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কুপার নামে আরেক ব্যক্তির বিরুদ্ধে পুরস্কার ঘোষণার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাদের তিনজনের মাথার দাম হিসেবে মোট ৫ কোটি ইউরো বা প্রায় ৫ কোটি ৮০ লাখ ৮৩ হাজার মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে তিনি দাবি করেন।
এব্রাহিম আজিজি বলেন, যে ব্যক্তি বা গোষ্ঠী এই তিনজনকে “নরকে পাঠাতে” সক্ষম হবে, তারাই এই পুরস্কারের দাবিদার হবে। তবে তিনি স্পষ্ট করে জানান, বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পর্যায়ে পৌঁছায়নি।
তিনি আরও বলেন, ইরানের পার্লামেন্টে বর্তমানে ‘কাউন্টার-অ্যাকশন বাই মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস অব দ্য ইসলামিক রিপাবলিক’ শিরোনামে একটি বিল প্রস্তুত করা হচ্ছে। ওই বিলে সংবিধিবদ্ধভাবে এই পুরস্কারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। বিলটি আইনে পরিণত হওয়ার পর সরকারিভাবে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।
এব্রাহিম আজিজির দাবি, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র মৃত্যুর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই এই আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য মাহমুদ নাবাভিয়ানও মন্তব্য করেছেন। তিনি টেলিগ্রাফ ইউকে-কে বলেন, ট্রাম্প ও নেতানিয়াহুকে “নরকে পাঠানো” সংক্রান্ত বিলটির ওপর খুব শিগগিরই পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হবে।
এদিকে ইরানের সরকারপন্থি সংবাদমাধ্যম মাসাফ এক প্রতিবেদনে জানিয়েছে, মাথার দাম ঘোষণার বিষয়টি আন্তর্জাতিকভাবে প্রচারের জন্যও আলাদাভাবে ৫ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহুকে লক্ষ্য করে এর আগেও বিভিন্ন সময় প্রচার-প্রচারণা চালানো হয়েছে। গত বছর এ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, “তারা যদি আমাকে হত্যার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে এবং তাদেরকে পৃথিবী থেকে মুছে ফেলবে।”
প্রধান সম্পাদক
দিপালী রানী রায়
সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত;
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ফার্মগেট ঢাকা(অফিস) ও কলেজ রোড রাজারহাট থেকে প্রকাশিত । যোগাযোগ: বার্তা বিভাগ- ০১৭৩৭-১৬৯৪৬৩, বিজ্ঞাপন ও সম্পাদকীয় বিভাগ-০১৩০৩০৩৩৩৭১, ই-মেইল- নিউজ: dailytolpernews@gmail.com বিজ্ঞাপন: prohalad@gmail.com
Copyright © 2026 dailytolper. All rights reserved.