আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরুর আগে শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি অফিস খোলা থাকবে। এর ফলে ওই দিন সচিবালয়সহ বাংলাদেশের সব সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হবে।
আগামী ২৫ মে থেকে ৩১ মে (সোমবার থেকে রবিবার) পর্যন্ত টানা সাত দিনের ঈদের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এর আগে ২৩ ও ২৪ মে (শনিবার ও রবিবার) অফিস খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর থাকবে। ফলে এক সাপ্তাহিক ছুটির দিনেই (২৩ মে) সরকারি চাকরিজীবীদের অফিসে উপস্থিত থাকতে হবে।-খবর তোলপাড়।
সরকারি অফিসের নির্ধারিত কর্মঘণ্টা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ চলবে। সেই সময়সূচি অনুযায়ী শনিবারও সারা দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কার্যক্রম চলবে।
এ বছর ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। এই তারিখকে কেন্দ্র করেই আগাম ছুটির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সরকারের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহাকে কেন্দ্র করে মোট ছয় দিনের ছুটি নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ২৮ মে ঈদের দিন সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি রাখা হয়।
তবে ঈদযাত্রা সহজ ও নির্বিঘ্ন করতে ৭ মে মন্ত্রিসভা বৈঠকে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে ২৫ মে অতিরিক্ত ছুটি এবং তার আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদিত হয়।
পরবর্তীতে ২৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ২৩ ও ২৪ মে অফিস কার্যক্রম চালু থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রধান সম্পাদক
দিপালী রানী রায়
সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত;
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ফার্মগেট ঢাকা(অফিস) ও কলেজ রোড রাজারহাট থেকে প্রকাশিত । যোগাযোগ: বার্তা বিভাগ- ০১৭৩৭-১৬৯৪৬৩, বিজ্ঞাপন ও সম্পাদকীয় বিভাগ-০১৩০৩০৩৩৩৭১, ই-মেইল- নিউজ: dailytolpernews@gmail.com বিজ্ঞাপন: prohalad@gmail.com
Copyright © 2026 dailytolper. All rights reserved.