ঢাকার উত্তর মুগদা এলাকার একটি ভাড়া বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করে।-খবর তোলপাড়।
প্রতিবেশীরা জানান, বাসা থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে এবং ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে জানান। পরে মুগদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো অবস্থায় শুভর মরদেহ পায়।
পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক অবসাদের কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন শেষে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় ঢাকার মুগদা থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
তারা রাজধানীর সেগুনবাগিচার স্থায়ী বাসিন্দা। সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মুগদার ওই ফ্ল্যাটে একা থাকতে শুরু করেন শুভ।
এ বিষয়ে বাড়ির মালিক গণমাধ্যমকে জানান, ঈদের দিন শেষবারের মতো তানভীরকে দেখেছিলেন। মঙ্গলবার রাতে তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হতে থাকলে তারা পুলিশকে খবর দেন।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে আমরা আহমেদবাগের ওই বাসাটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। সেখানে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত লাশ দেখতে পাই।