বাবু,কুড়িগ্রাম :
কুড়িগ্রামের উলিপুরে সুমন মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপনে বিয়ে করা এইচএসসি পরীক্ষার্থী (১৮) স্ত্রীর মর্যাদার দাবীতে যুবকের বাড়িতে অনশনে বসেছেন। এরপর ওই প্রতারক যুবক সটকে পড়েছেন। ঘটনাটি ঘটেছে, রোববার (১৪ জুন) বিকালে পৌরসভার মধ্যপাড়া এলাকায়। এদিকে অনশনের ঘটনা ছড়িয়ে পড়লে উৎসুক শত শত নারী-পুরুষ সুমনের বাড়িতে ভিড় করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভার মধ্যপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে সুমন মিয়ার সাথে প্রতিবেশি সামছুল হকের কন্যা শান্তনা আক্তার সোমা (১৮) এর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারী উভয়ের সম্মতিতে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হয়। কিন্তু বিষয়টি গোপন রেখে সুমন ও সোমা উভয়ে তাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করে আসছিলেন। সম্প্রতি সুমন পরিবারের সম্মতিতে অন্যত্র আবারো বিয়ে করেন। এরপর সোমা বিষয়টি জানতে পেরে সুমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন। এ ঘটনায় দিশেহারা হয়ে সোমা রোববার বিকালে সুমনের বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবীতে অনশনে বসেন।
সরেজমিন সুমন মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে শত শত নারী-পুরুষ ভিড় করে দাড়িয়ে আছেন। বাড়িতে গিয়ে কথা হয় এইচএসসি পরীক্ষার্থী শান্তনা আক্তার সোমার সাথে। তিনি বলেন, দীর্ঘ ১০ বছর থেকে সুমনের সাথে আমার প্রেমের সর্ম্পক। পরে আমরা মাদ্রাসার হুজুরের উপস্থিতিতে ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ করি। এরপর সুমন সরকারি চাকুরি করবে এই মর্মে ভয় দেখিয়ে রেজিষ্ট্রি না করে বিষয়টি গোপন রাখেন। কিন্তু সুমন আমার সাথে স্বামী-স্ত্রীর মতই সর্ম্পক করে আসছিল। সুমন দীর্ঘদিন আমাকে ভোগ করে ৪ জুন নতুন করে অন্যত্র বিয়ে করেন। এরপর বিষয়টি আমি জানতে পেরে তার সাথে যোগাযোগ করতে থাকি কিন্তু সে আমাকে পাত্তা না দিয়ে তালবাহনা শুরু করেন। তাই বাধ্য হয়ে আজ স্ত্রীর মর্যাদার দাবীতে সুমনের বাড়িতে অনশনে বসেছি। সে যদি আমাকে মেনে না নেয় তাহলে আমি আত্মহত্যা করবো। আমার আসার কথা শোনার পর থেকেই সুমন আত্মগোপনে চলে গেছেন। তার সাথে আমার অন্তরঙ্গ মহুর্তের অনেক ছবি ও ভিডিও রয়েছে।
স্থানীয় ফয়জার রহমান, শিউলী আক্তার, তারিফা বেগমসহ অনেকেই বলেন, সুমন ও সোমার সর্ম্পক দীর্ঘদিনের। এলাকাবাসী সবাই তা জানে কিন্তু সুমন নতুন করে অন্য জায়গায় বিয়ে করায় আমরা আশ্চার্য্য হয়েছি। সোমা বাধ্য হয়ে আজ অনশনে বসেছে। আমরা ঘটনার সুষ্ঠ সমাধান চাই।
বাড়িতে থাকা সুমনের মা শেফালী বেগম জানান, সোমাকে যদি আমার ছেলে বিয়ে করে থাকে তাহলে বিষয়টি এতদিন কেনো আমাদের জানানো হয়নি। আমরা দেখে শুনে ছেলের বিয়ে দিয়েছি। বর্তমানে সোমাকে মেনে নেয়া সম্ভব না।
এ বিষয়ে সুমনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সোমার সাথে প্রেমের সর্ম্পক ছিল কিন্তু তা অনেক আগে শেষ হয়ে গেছে তার ইচ্ছায়। বর্তমানে পরিবারের সম্মতিতে আমি বিয়ে করেছি। আমাকে ফাঁসানোর জন্য সে এই ঘটনা ঘটাচ্ছে। এছাড়া আমার সঙ্গে অন্তরঙ্গ মহুর্তের যে ছবি ও ভিডিও তা এ,আই দিয়ে তৈরি করা।
এবিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, অনশনের বিষয়টি আমাদের জানা নেই। কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।