Views: 9

সংবাদদাতা, চিলমারী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের চিলমারীতে ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টায় থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলীর সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক লুৎফর রহমান, এরশাদুল হক এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী লিজা প্রমুখ।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য, আপামর গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং এর মাধ্যমে অর্জিত নতুন চেতনার চিত্র তুলে ধরেন। তারা বলেন, তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের অসীম ত্যাগ ও সাহসিকতার বিনিময়ে যে নতুন ইতিহাস অর্জিত হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
আলোচনা সভা শেষে গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ নুরে আলম।