Views: 1

নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র্যালি এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিক পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরতেই দিবসটি উপলক্ষে এসব কর্মসূচি আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশ নেন রাজারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে জীবন ও সম্পদ রক্ষায় করণীয় বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী তুলে ধরা হয়।
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. এজাহারুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ববিতা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা, উপজেলা বিএনপির সদস্যসচিব সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কফিল উদ্দিন, উপজেলা এনসিপির সদস্যসচিব অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান সাগর এবং প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মণ্ডল সৈকত।
এ ছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গ্রামীণ নারী অংশ নেন।