‘ব্রেন ডেড’ অন্তঃসত্ত্বা নারী জন্ম দিলেন পুত্র সন্তান
ভারতে মহারাষ্ট্রের অহমদনগরের ২৫ বছরের এক গৃহবধূ ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন। স্কুটি থেকে পড়ে আঘাত লাগে তার মাথায়। কয়েক দিন চিকিৎসার পরও সাড়া দেননি তিনি। চিকিৎসক জানান, তার মস্তিষ্কের মৃত্যু হয়েছে।
তবে ওই অবস্থাতেই একটি পুত্রসন্তান প্রসব করেন ওই নারী। অন্য দিকে, স্ত্রীর অঙ্গদানের প্রতিশ্রুতি দিয়েছেন শোকাহত স্বামী। গত ২০ জানুয়ারি অহমদনগরের ওই দম্পতি স্কুটি নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন। স্কুটি চালাচ্ছিলেন স্বামী। পিছনের আসনে বসেছিলেন নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী।
একটি দুর্ঘটনা এক লহমায় বদলে দেয় সব কিছু। স্কুটি থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান ওই গৃহবধূ। স্বামীও আঘাত পেয়েছিলেন। দু’জনকে উদ্ধার করে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। -খবর তোলপাড়।
দ্রুত চিকিৎসার ব্যবস্থা হলেও বিপদ এড়ানো যায়নি। গৃহবধূর মস্তিষ্কের মৃত্যু হয়। তবে অস্ত্রোপচারে অন্তঃসত্ত্বা রোগী একটি সন্তান প্রসব করেন। নবজাতক সুস্থ আছে।
অন্য দিকে, শোকাহত স্বামী এবং তার পরিবার রোগীর অঙ্গদানের সিদ্ধান্ত নেন। কর্নিয়া, লিভার এবং কিডনি দান করা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষের মতে, এমন খারাপ সময়ের মধ্যে সাহসিকতা এবং বড় মনের পরিচয় দিয়েছে গৃহবধূর পরিবার। নিয়ম অনুযায়ী, দুটো কর্নিয়া, কিডনি এবং লিভার যাদের প্রয়োজন, তাদের জন্য সংরক্ষিত করা হবে। অন্য কিডনিটি সংরক্ষিত রাখা হচ্ছে পুণের জোনাল ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেশন সেন্টারে।









Chief Editor-Dipali Rani Roy