সংসদ নির্বাচনের মাঠ গোছাচ্ছে জামায়াত কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মাহবুব সালেহী
আব্দুল মালেক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে ভোটের মাঠ গোছাতে জামায়াতে ইসলামী এরই মধ্যে প্রার্থী চূড়ান্ত করার কাজ শুরু করে দিয়েছে।
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মাও. আব্দুল মতিন ফারুকী। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা জামায়াতের মজলিসে শূরা বৈঠকে কুড়িগ্রাম-৩ আসনে মনোনীত প্রার্থী হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার মাহবুব আলম সালেহীর নাম ঘোষণা করা হয়। ব্যারিস্টার মাহবুব সালেহী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিষয়ে বিএসসি অনার্স, স্টকহোম ইউনিভার্সিটি সুইডেন থেকে ভূ-রসায়ন বিভাগে এমএসসি ডিগ্রি সম্পন্ন করেন। লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ‘ল’ এবং লন্ডন সিটি ইউনিভার্সিটি থেকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স সম্পন্ন করে ব্যারিস্টার এন্ড সলিসিটর হিসেবে ১০ বছর ধরে লন্ডনে প্রাকটিস করছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার আমীর মাও. মশিউর রহমান বলেন, ব্যারিস্টার মাহবুব সালেহীকে জামায়াতের প্রার্থী হিসেবে পেয়ে নেতা-কর্মীরা আনন্দিত। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পাশে থাকার জন্য উপজেলার সর্বস্তরের জনগণের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।মাহবুব আলম সালেহী উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর গ্রামের আলহাজ্ব মাওলানা আব্দুল করিমের ছেলে।









Chief Editor-Dipali Rani Roy