কথা রেখেছে বিএসএফ, খুলে ফেলা হয়েছে সিসি ক্যামেরা
হুমায়ুন কবির সূর্য:
অবশেষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূণ্য রেখায় লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিয়েছে বিএসএফ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ক্যামেরাটি খুলে নেয় তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান।
তিনি জানান, মঙ্গলবার অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ তাদের লাগানো সিসি ক্যামেরা অপসারণের বিষয়ে আশ্বস্ত করেছিল। পরে রাত সাড়ে ১১টার দিকে ক্যামেরাটি খুলে ফেলা হয়।
পতাকা বৈঠকে বিএসএফের ১৬২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অনিল কুমার মনোজ এবং বিজিবির পক্ষে ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান নেতৃত্ব দেন।
এর আগে গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাঁশজানী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯ এস এর ৯৭৮ নম্বর পিলারের শূন্য রেখায় একটি ইউক্যালিপটাস গাছে সিসি ক্যামেরা স্থাপন করেন বিএসএফের ছোট গাড়ল ঝড়া ক্যাম্পের সদস্যরা।









Chief Editor-Dipali Rani Roy