সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

জাবির ৩ ইউনিটের ফল প্রকাশ

প্রকাশের সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫


সংবাদদাতা, জাবি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’, ব্যবসায় অনুষদভুক্ত ’ই’ ইউনিট ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ফল প্রকাশিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দেড়টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ ফলাফল হস্তান্তর শেষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাবিষয়ক ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়।

জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, ব্যাবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা এবং ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরিচালক অধ্যাপক আইরিন আক্তার যথাক্রমে ‘ডি’, ‘ই’ এবং ‘আইবিএ-জেইউ’ এর ফলাফল উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নিকট হস্তান্তর করেন।

ফলাফলে দেখা গেছে, ‘ডি’ ইউনিটে ছাত্রীদের পাঁচটি শিফটে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় প্রথম শিফটে পাসের হার ৪২.২১ শতাংশ, দ্বিতীয় শিফটে ৪৫.৬০ শতাংশ, তৃতীয় শিফটে ৩৯.১৭ শতাংশ, চতুর্থ শিফটে ৩৮.৫৭ শতাংশ এবং পঞ্চম শিফটে ৫৫.৫০ শতাংশ।

ছাত্রীদের সর্বমোট আবেদন জমা পড়েছিল ৪৭ হাজার ৬৯২টি। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৯ হাজার ৯৬৮ জন। পাস করেছে ১৭ হাজার ৬৬৪ জন। অর্থাৎ গড়ে ৪৪.২২ শতাংশ নারী শিক্ষার্থী পাস করেছে।

এছাড়া ছাত্রদের চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রথম শিফটে পাসের হার ৩৮.০২ শতাংশ, দ্বিতীয় শিফটে ৪৭.৪৪ শতাংশ, তৃতীয় শিফটে ৪৩.০৪ শতাংশ এবং চতুর্থ শিফটে ৩৮.২৩ শতাংশ।

ছেলেদের সর্বমোট আবেদন জমা পড়েছিল ৩৯ হাজার ৭৬টি। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৩ হাজার ৬৪৯ জন। পাস করেছে ১৪ হাজার ৪ জন। গড় পাসের হার ৪১.৭০ শতাংশ।

আইবিএ-জেইউ ইউনিটে ছাত্র-ছাত্রীদের আলাদা করে মোট দুইটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পাসের হার ছাত্রদের শিফটে ২৮.৫৪ শতাংশ এবং ছাত্রীদের ২৩.৬৬ শতাংশ।

ছাত্রদের জিপিএসহ সর্বোচ্চ নাম্বার ৭২.৮০ এবং ছাত্রীদের জিপিএসহ ৭৪.৫৮ শতাংশ। ছাত্রদের মোট আবেদন সংখ্যা ২ হাজার ৮৩৪টি এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২ হাজার ১২২ জন। ছাত্রীদের মোট আবেদন সংখ্যা ১ হাজার ৮৫৪টি এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ হাজার ২৮৫ জন। ছাত্র-ছাত্রীদের গড় উপস্থিতি ৭৩ শতাংশ। ২৫৪ জন ছাত্র এবং ২৫০ জন ছাত্রীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

এছাড়া একই সময়ে ‘ই’ ইউনিটের ফলাফল উপাচার্যের নিকট হস্তান্তর করা হয়েছে।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা জানিয়েছেন, ‘ই’ ইউনিটের ক্ষেত্রে ছাত্রীদের যারা ব্যাবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী, তাদের পাসের হার ৬৬.৬৬ শতাংশ। বিজ্ঞান ও মানবিকের পরীক্ষার্থীদের পাসের হার ৩৫.৪৪ শতাংশ। ছাত্রীদের গড় পাসের হার ৫২.২২ শতাংশ।

তিনি আরও জানিয়েছেন, ছাত্রদের ক্ষেত্রে যারা ব্যাবসায় শিক্ষা বিভাগের, তাদের পাসের হার ৫৮.৩৯ শতাংশ। বিজ্ঞান ও মানবিক থেকে যারা দিয়েছে, তাদের ২৩.৭৩ শতাংশ। ছাত্রদের গড় পাসের হার ৫০.৩৩ শতাংশ।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “ভর্তি পরীক্ষা একটি টিম ওয়ার্ক। আমরা স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে কাজ করছি। এতগুলো শিফটের ভর্তি পরীক্ষার ফলাফল মাত্র তিনদিনের মধ্যে তৈরি করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”

ভর্তি পরীক্ষার পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট https://ju-admission.org/ ও ফলাফল https://ju-admission.org/result/ এ পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর