‘১৬ বছরের গ্লানি মুছে নতুন প্রজন্মের হাতে এগিয়ে যাবে বাংলাদেশ’
গত ১৬ বছরের সব ঝড়-ঝঞ্ঝা আর গ্লানি মুছে দিয়ে এই নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, আমরা থামবো না। আমরা আমাদের স্বপ্ন পূরণ করবোই। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তিন দিন ব্যাপী ‘দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন হাসনাত আবদুল্লাহ।-খবর তোলপাড়।
অনুষ্ঠানে হাসনাত বলেন, ‘আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের একটি বিষয় হলো, অনেক শিক্ষার্থী এসএসসি পাস করার পর বিদেশে চলে যায়। আর মেয়ে শিক্ষার্থীদের বিয়ে দিয়ে দেয় পরিবার। এটি খুবই দুঃখজনক। আমি বলবো, আপনারা স্বপ্নটাকে বড় করে দেখুন। ওই স্বপ্নে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা আপনাদের সহযোগিতা করবো।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে আকাশ ছোঁয়ার স্বপ্ন। যে স্বপ্নে তোমাকে ঘুমাতে দেবে না। অভিভাবকদের বলছি, আপনারা আপনাদের সন্তানদের এ মেলায় নিয়ে আসুন। সবগুলো স্টল ঘুরিয়ে দেখান। মেলা থেকে বের হওয়ার পর জিজ্ঞাসা করুন আপনার সন্তান এই ফেস্ট থেকে কী শেখতে পেরেছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবিদ্বার (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুদ্দীন মোহাম্মদ ইলিয়াস।
এর আগে হাসনাত আবদুল্লাহ অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিজ্ঞানভিত্তিক প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দেবিদ্বার স্টুডেন্ট ফেস্টে মোট ৩৯টি স্টল রয়েছে।
এদিকে, মেলায় বিকালে এসেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। খালি গলায় মঞ্চ মাতিয়েছেন তিনি। পরে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শেষে মেলার স্টলগুলো পরিদর্শন করেন তিনি। এ ছাড়া রাতে আভাস ব্যান্ডের শিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজন করা হয়েছে।









Chief Editor-Dipali Rani Roy