কিশোরগঞ্জে ভাঙারি দোকান থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার
সংবাদদাতা, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর এলাকায় একটি ভাঙারি দোকান থেকে পরিত্যক্ত একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে এলাকার টুটুল এন্টারপ্রাইজ নামক ভাঙারির দোকান থেকে পরিত্যক্ত এ মর্টার শেলটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও, পুলিশ ও সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর এলাকার টুটুল এন্টারপ্রাইজ নামক ভাঙারির দোকানের এক শ্রমিক প্রতিদিনের মতো রাতে ভাঙ্গারি মালামালগুলো গুছানোর সময় এ মর্টার শেলটি দেখতে পায়। পরে বিষয়টি ভাঙ্গারি মালিক মো. টুটুল মিয়াকে জানালে তিনি অস্বাভাবিক বস্তুটি দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটি সনাক্ত করে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসে। পরে সেনাবাহিনীকে জানালে, রাত ১ টার দিকে সেনাবাহিনী এসে মর্টার শেল বালতির ভেতর বালু চাপা দিয়ে দোকানটিকে তালাবদ্ধ করে রাখে। বর্তমানে থানা পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মনতোষ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, জরুরি সেবা ৯৯৯ এর ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটি সনাক্ত করে সেনাবাহিনীকে জানায়। সাড়া রাত পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। বেলা ১২টার দিকে ঢাকা থেকে বোম ডিস্পোজাল টিম এসে এটি নিষ্ক্রিয় করতে কাজ করবে।









Chief Editor-Dipali Rani Roy