এবার আইপিএলে নিরাপত্তার অভাব, পিছিয়ে গেল ম্যাচ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আগামী ৬ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেনসে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হওয়ার কথা। কিন্তু নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, ওই দিন (৬ এপ্রিল) রাম নবমী উৎসব ঘিরে ব্যস্ত থাকবে কলকাতার প্রশাসন। সে কারণে তাদের অনুরোধেই ম্যাচটি দুই দিন পেছানো হয়েছে।-খবর তোলপাড়।
নতুন সূচিতে কলকাতা-লক্ষ্ণৌর ম্যাচ হবে ৮ এপ্রিল বিকেল চারটায়। ভেন্যু সেই ইডেন গার্ডেন্সই। রাম নবমী উপলক্ষে নিরাপত্তাকর্মীর ঘাটতি দেখা দিতে পারে বলে ধারণা করছে কলকাতা পুলিশ। তাই পুলিশ ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল মিলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) সূচি পরিবর্তনের অনুরোধ করে।
তাদের অনুরোধেই আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে নতুন সূচি। এতে করে ৬ এপ্রিল (রোববার) হবে একটাই ম্যাচ। সেদিন বাংলাদেশ সময় রাত ৮টায় হায়দরাবাদে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্স।
এর বদলে ৮ এপ্রিল ম্যাচ হবে দুটি। বিকেল চারটায় ইডেনে কলকাতা-লক্ষ্ণৌ। ও রাত ৮টায় লুধিয়ানায় লড়বে পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস।









Chief Editor-Dipali Rani Roy