শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

রেকর্ড জুটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের প্রতিশোধ

প্রকাশের সময়: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

শ্রীলঙ্কান যুবাদের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে ব্যর্থতা ভুলে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথম ম্যাচে পরাজয়ের প্রতিশোধ নিল টাইগার যুবারা। প্রথমে বল হাতে আল ফাহাদের বিধ্বংসী স্পেলের পর ব্যাট হাতে ১০৬ বলে ১৩০ রানের দুর্দান্ত এক অপরাজিত ইনিংস উপহার দেন জাওয়াদ আবরার। এতে স্বাগতিকদের দেওয়া ২১২ রান তাড়া করতে নেমে ৯৩ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে সফরকারীরা।-খবর তোলপাড়।

সোমবার (২৮ এপ্রিল) কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৪৮ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১১ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। টাইগার যুবাদের হয়ে আল ফাহাদ একাই তুলে নেন ৬ উইকেট।

এরপর রান তাড়া করতে নেমে বাংলাদেশ দলীয় ৩৫ রানে ওপেনার কালাম সিদ্দিকীকে হারালেও আবরারের সেঞ্চুরি ও অধিনায়ক আজিজুল হাকিমের অপরাজিত ৬৯ রানের ইনিংসে ভর করে ৩৪ দশমিক ১ ওভারেই জয় নিশ্চিত করে। দুজনে মিলে রেকর্ড ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

এর আগে, ব্যাটিংয়ে নেমে আল ফাহাদের তোপে অল্প রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এদিন ওপেনিং জুটিতে ভালো শুরু পেয়েছিল লঙ্কান যুবারা। দলীয় ৩০ রানের মাথায় ভাঙে তাদের উদ্বোধনী জুটি। আল ফাহাদের বলে আব্দুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ডুলনিথ সিগেরা। ১৪ বলে ২৩ রান এসেছে লঙ্কান এই ওপেনারের ব্যাট থেকে।

উদ্বোধনী জুটি ভাঙার পর দ্রুত আরও কয়েকটি সাফল্য পায় সফরকারী বোলাররা। ফাহাদের সঙ্গে সাফল্য পান ইমনরাও। দলীয় পঞ্চাশের আগেই টপঅর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে কিছুটা বিপাকে পড়ে যায় স্বাগতিকরা। মিডল অর্ডারে চামিকা হেনাতিগালার ৫০ ও দিনুরার ৪৭ রানের ইনিংসে ভর করে কিছুটা লড়াই করেছে লঙ্কানরা। বাকিরা তেমন উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর