বাংলাদেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
বাংলাদেশের সাতটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৯ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।-খবর তোলপাড়।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬টা থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (৩ মে) সন্ধ্যা ৬টা থেকে দেশের প্রায় সব বিভাগে দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে দেশের সার্বিক তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এবং দেশজুড়ে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।









Chief Editor-Dipali Rani Roy