
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।-খবর তোলপাড়।
শুক্রবার (২ মে) দুপুরে সিরিজের সূচি প্রকাশ করা হয়। দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। অর্থাৎ, বাংলাদেশ সময় রাত ৯টায়।
আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, জিতেছে তিনটিতেই। মে মাসের শেষদিকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ।
আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বাংলাদেশ দল পুনরায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে এজন্য আমরা আনন্দিত। বিসিবি সব সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশগ্রহণ করার সুযোগ করে দেয়। সিরিজ আয়োজনের জন্য আমরা আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যস্ত আন্তর্জাতিক সূচির আগে এই টি-টোয়েন্টি ম্যাচদুটি আমাদের প্রস্তুত হতে সহায়তা করবে।’
অপরদিকে, পাকিস্তান সিরিজের সূচির পরিকল্পনা অনুযায়ী, ২৫ মে এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। সিরিজের সব ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত নয়টায়।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com