শুরু হচ্ছে কূটনৈতিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস টুর্নামেন্ট
সাংস্কৃতিক কূটনীতি এবং আন্তর্জাতিক সৌহার্দ্য জোরদার করার লক্ষ্যে ঢাকায় প্রথমবারের মতো কূটনৈতিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১৬ মে) শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টটি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।-খবর তোলপাড়।
এর আগে, গেমপ্লে লিমিটেড সফলভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কূটনৈতিক ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে। এর ধারাবাহিকতায় এবারই প্রথমবারের মতো ব্যাডমিন্টন ও টেবিল টেনিস যুক্ত হলো এই আয়োজনের নতুন সংস্করণে।
টুর্নামেন্টে প্রতিযোগিতা হবে তিনটি বিভাগে। এগুলো হলো টেবিল টেনিসে সিঙ্গলস ও ডাবলস, এবং ব্যাডমিন্টনে শুধুমাত্র ডাবলস। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে নয়টায় উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হবে খেলা। আর শনিবার (১৭ মে) বিকাল ৫টায় টুর্নামেন্টের সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে।
এই আয়োজনকে সফল করতে পাশে দাঁড়িয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে সিটি ব্যাংক ও পূর্বাণী গ্রুপ। ইভেন্ট পার্টনারদের মধ্যে আরও আছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (ভেন্যু পার্টনার), লিংচিয়ান (লজিস্টিকস), পোলার (আইসক্রিম), যমুনা টিভি (মিডিয়া), আকবরিয়া (ফুড), ঝিল ম্যাস্টেরিয়া (ক্যাফে) এবং অ্যাস্টার ফার্মেসি (জার্সি পার্টনার)।
এই অনন্য ক্রীড়া আয়োজনে অংশ নিচ্ছে ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস, হাই কমিশন ও আন্তর্জাতিক সংস্থার শতাধিক কূটনীতিক ও কর্মকর্তা। এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝে সাংস্কৃতিক বিনিময়, সুস্থ প্রতিযোগিতা এবং পারস্পরিক বন্ধনের মনোভাব গড়ে তোলা সম্ভব হবে বলে আশাবাদী আয়োজকরা।









Chief Editor-Dipali Rani Roy