
কার্লো আনচেলত্তির ব্রাজিল অধ্যায়ের শুরুটা আশানুরূপ ছিল না। ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে শুরু করেছিলেন ইতালিয়ান কোচ। তবে ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে তার অভিষেক স্মরণীয় হয়ে থাকল। সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় ১-০ গোলের জয় এনে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।-খবর তোলপাড়।
জন্মদিনে সেলেসাওদের কাছ থেকে দুর্দান্ত এই উপহার পেয়েছেন আনচেলত্তি। এই জয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থেকে আর্জেন্টিনার পরই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ব্রাজিল। অঞ্চলটির প্রথম ছয় দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে।
ম্যাচের একমাত্র গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ আনচেলত্তির অধীনে জাতীয় দলের হয়ে এটি তার প্রথম গোল। ম্যাচের ৪৪ মিনিটে রাফিনহার বল হারানোর পর প্রতিপক্ষের আলগা বল পেয়ে যান ম্যাথিউস কুনহা। তিনি দ্রুত পাস বাড়ান ভিনিসিয়ুসকে, যিনি স্লাইড করে জালে পাঠান বল।
এর আগে ৩৭ মিনিটে একটি সহজ সুযোগ নষ্ট করেন কুনহা। মার্তিনেল্লির ভাসানো বলে খালি জালে বল পাঠাতে ব্যর্থ হন তিনি। তবে বিরতির আগেই তার বানিয়ে দেওয়া গোলেই এগিয়ে যায় ব্রাজিল।
১২ মিনিটে গোলের আরেকটি ভালো সুযোগ পেয়েছিল ব্রাজিল। কুনহার ক্রসে ভিনিসিয়ুস পা বাড়ালেও বল জালে রাখতে পারেননি।
৭৭ মিনিটে রাফিনহার শট ফিরিয়ে দেন প্যারাগুয়ে গোলরক্ষক। এরপর ৭৯ মিনিটে হ্যামস্ট্রিংয়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ভিনিসিয়ুস। চিকিৎসা চলেছে মাঠের ধারে বেঞ্চেই। তবে প্রাথমিকভাবে গুরুতর কিছু নয় বলে মনে করা হচ্ছে।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com