ক্লাব বিশ্বকাপে ফেভারিট পিএসজিকে হারিয়ে চমক ব্রাজিলের বোটাফোগোর
ক্লাব বিশ্বকাপে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়নের লড়াইয়ে চমক দেখিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো। ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) ১-০ গোলে হারিয়েছে রিও ডি জেনেইরোর ক্লাবটি। বৃহস্পতিবার (১৯ জুন) ক্যালিফোর্নিয়ার পাসাডেনা রোজ বাউলে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইগর জেসুস।
চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে শিরোপা জেতার পর থেকেই ক্লাব বিশ্বকাপের অন্যতম ফেভারিট ছিল পিএসজি। গ্রুপ পর্বে আগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসে ভরপুর ছিল তারা। কিন্তু বোটাফোগোর গোছানো ও লড়াকু ফুটবলের সামনে এবার থমকে দাঁড়াতে হয়েছে ফরাসি ক্লাবটিকে।-খবর তোলপাড়।
ম্যাচের শুরু থেকেই বলের দখলে আধিপত্য দেখায় পিএসজি। মাত্র দুই মিনিটেই গোলের চেষ্টা করেন খভিচা কভারাতসখেলিয়া, তবে বোটাফোগোর গোলরক্ষক জন ঠেকিয়ে দেন শটটি। এরপর একাধিকবার আক্রমণে গেলেও প্রথমার্ধে আর কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি তারা।
অন্যদিকে, বল দখলে পিছিয়ে থাকলেও মধ্যমাঠে দুর্দান্ত প্রেসিং করে পিএসজির খেলা ভাঙতে থাকে বোটাফোগো। মধ্যমাঠের মারলন ফ্রেইতাস, গ্রেগোরে ও অ্যালান ছিলেন ছায়ার মতো।
৩৬ মিনিটে সেই কৌশলেই আসে গোল। জেফারসন সাভারিনোর চমৎকার এক থ্রু পাসে পিএসজির রক্ষণভাগ ভেদ করে একক প্রচেষ্টায় গোল করেন ইগর জেসুস। উইলিয়ান পাচোকে বোকা বানিয়ে নেওয়া শটটি হালকা ডিফ্লেকশন নিয়ে ঢুকে পড়ে জালের মধ্যে।
বাকি সময়জুড়ে একের পর এক আক্রমণ করেছে পিএসজি। কিন্তু শেষ পর্যন্ত বোটাফোগোর জমাট রক্ষণ আর গোলরক্ষক জনের দৃঢ়তায় জালের দেখা পায়নি তারা।
এই জয়ে টানা দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে বোটাফোগো। গ্রুপের শেষ ম্যাচে সোমবার (২৩ জুন) তাদের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। জয় বা ড্র—যেকোনো ফলেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলিয়ান ক্লাবটির। পিএসজির জন্য তখন সমীকরণটা হয়ে উঠবে জটিল।









Chief Editor-Dipali Rani Roy