পিআইডি, রংপুর:
রংপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘Recovery And Advancement of Informal Sector Employment : Reintegration of Returning Migrants Project’ শীর্ষক প্রকল্পের আওতায় রংপুর প্রবাসী কল্যাণ সেন্টারের উদ্যোগে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধী ভাতার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩রা জুলাই) সকালে জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর প্রবাসীদের প্রেরিত অর্থে দেশের ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। দেশ পুনর্গঠনে প্রবাসীদের এই অবদানের জন্য জাতি তাঁদের কাছে কৃতজ্ঞ। তিনি প্রবাসীর সন্তানদের উদ্দেশে বলেন, তোমাদের সুন্দর ভবিষ্যতের জন্য মা-বাবারা অক্লান্ত পরিশ্রম করেন। তোমরা যদি নিজেদের প্রতিষ্ঠিত করতে পারো তবেই তাঁদের কষ্ট সার্থক হবে।
সভাপতির বক্তৃতায় জেলাপ্রশাসক বলেন, অনেক প্রবাসী তাদেঁর পরিবারকে ভালো রাখাতে প্রবাসজীবনে কষ্ট করছেন। প্রত্যেক মা-বাবারই সন্তানদের নিয়ে স্বপ্ন থাকে। প্রবাসীরাও সন্তানদের নিয়ে যে স্বপ্ন দেখেন তা বাস্তবায়নের দায়িত্ব তাঁদের সন্তানদেরই।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চেক বিতরণ অনুষ্ঠানে প্রবাসী কর্মীর ২০ জন মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি ও ১০ জন প্রতিবন্ধীকে মোট সাত লাখ ১৫ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com