টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে মোস্তাফিজ
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে টাইগাররা। এই জয়ের প্রভাব পড়েছে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও।-খবর তোলপাড়।
বিশেষ করে বল হাতে ঝলক দেখিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দুই ম্যাচে ৭.২ ওভার বোলিং করে মাত্র ২১ রান খরচায় শিকার করেছেন ৩ উইকেট। অসাধারণ ইকোনমি রেট ২.৮৬। এর ফলে আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে যৌথভাবে নবম স্থানে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট এখন ৬৫৩। একই পয়েন্ট নিয়ে তার সঙ্গে রয়েছেন ভারতের আরশদীপ সিং।
গতকাল (২২ জুলাই) মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের শেষ ব্যাটার আহমেদ দানিয়ালকে বোল্ড করে ইনিংসের ইতি টানেন মোস্তাফিজ। এই উইকেটের মধ্য দিয়ে মিরপুরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪৬ উইকেটের মালিক হয়েছেন তিনি। তার পরে আছেন সাকিব আল হাসান, যিনি এই ভেন্যুতে নিয়েছেন ৪৫ উইকেট।
এছাড়া উন্নতি করেছেন আরেক বাংলাদেশি স্পিনার শেখ মেহেদী হাসানও। তিনি নয় ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ১৬ নম্বরে।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি।









Chief Editor-Dipali Rani Roy