টেস্টের পর টি-টোয়েন্টিতেও ধবলধোলাই ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টি সিরিজেও একই কীর্তি গড়ল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৫-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। এটি টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার প্রথমবারের মতো কোনো দলকে ৫-০ ব্যবধানে হারানোর কীর্তি।-খবর তোলপাড়।
সিরিজের শেষ ম্যাচে টস জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠায় মিচেল মার্শের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১৯.৪ ওভারে ১৭০ রানেই অলআউট হয়ে যায় তারা। জবাবে ৩ উইকেট হাতে রেখে ৩ ওভার আগেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৩২ রানের মধ্যেই হারায় ৩ উইকেট। এরপর রোমান রাদারফোর্ড ও শিমরন হেটমায়ার দলকে কিছুটা উদ্ধার করলেও, বড় সংগ্রহ গড়তে পারেনি ক্যারিবীয়রা। রাদারফোর্ড ১৭ বলে করেন ৩৫ রান, আর হেটমায়ারের ব্যাট থেকে আসে ৩১ বলে সর্বোচ্চ ৫২ রান। শেষ দিকে জেসন হোল্ডার করেন ২০ রান। বাকিরা ছিলেন নিষ্প্রভ।
অস্ট্রেলিয়ার হয়ে বেন দ্বারশুইস সর্বোচ্চ ৩ উইকেট নেন। ২টি করে উইকেট পান নাথান এলিস। অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট ও অ্যাডাম জাম্পা নেন একটি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ারও। মাত্র ২৫ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে এরপর একাধিক ব্যাটারের ছোট ছোট ইনিংসেই ম্যাচ নিজেদের করে নেয় স্বাগতিকরা। মিচেল ওয়েন ১৭ বলে করেন দলীয় সর্বোচ্চ ৩৭ রান। ক্যামেরুন গ্রিন করেন ১৮ বলে ৩২। টিম ডেভিড ৩০ ও অ্যারন হার্ডি ২৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আলেক হোসেন ৩ উইকেট নেন। ২টি করে উইকেট পান জেসন হোল্ডার ও আলজারি জোসেফ।









Chief Editor-Dipali Rani Roy