পুকুরে একে একে ভেসে উঠলো ৩ শিশুর লাশ
সংবাদদাতা, ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই ও বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। ফুলপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান এ খবর জানিয়েছেন।
মারা যাওয়া শিশুরা হল- ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সানিয়া আক্তার (৮) ও ছেলে মেহেদী হাসান (৬) এবং মন্নাছ আলীর মেয়ে নূসরাত জাহান (৮)।
স্থানীয়দের ধারণা, পুকুরের পাশে থাকা খেজুর গাছ থেকে পানিতে ঝরে পড়া খেজুর তুলে আনতে গিয়ে তিন শিশু পানিতে তলিয়ে যায়।
রূপসী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরের পাশে খেজুর গাছ থেকে ঝরে পড়া খেজুর তুলে আনতে গিয়ে তিন শিশু পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় একজন পুকুরের পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় এক শিশুকে পানিতে ভাসতে দেখে একে একে তিন শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, পুকুরে পড়ে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খুব হৃদয় বিদারক।









Chief Editor-Dipali Rani Roy