
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ইহুদি উৎসবে গুলি চালিয়ে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় জড়িত দুই বন্দুকধারীর একজন সাজিদ আকরাম (৫০) ভারতের তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের বাসিন্দা ছিলেন, নিশ্চিত করেছে ভারতীয় পুলিশ।
গত রোববার অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়াবহ গণহত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে আকরামও রয়েছেন, যিনি পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া তার ২৪ বছর বয়সী ছেলে নাভিদ আকরাম আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।-খবর তোলপাড়।
তেলেঙ্গানা রাজ্য পুলিশ মঙ্গলবার জানিয়েছে, সাজিদ আকরাম ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এবং ভারত ত্যাগের আগে তার বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ড ছিল না। পারিবারিক কারণে তিনি ছয়বার ভারত সফর করেছেন। তবে পরিবারের কেউ তার উগ্র মানসিকতা বা কার্যকলাপ সম্পর্কে জানেন না।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, বন্ডাই বিচে হামলায় জড়িত এই বাবা–ছেলের মৌলবাদী কর্মকাণ্ডের সঙ্গে ভারত বা তেলেঙ্গানার কোনো সম্পর্ক নেই।
অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, গত মাসে সাজিদ আকরাম ও তার ছেলে নাভিদ ফিলিপাইন ভ্রমণ করেছেন। সাজিদ ভারতীয় পাসপোর্ট, আর নাভিদ অস্ট্রেলিয়ান পাসপোর্ট ব্যবহার করেছিলেন। তদন্ত চলছে, তারা কোনও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন কি না বা ফিলিপাইনে প্রশিক্ষণ নিয়েছিলেন কি না।
ফিলিপাইনের অভিবাসন বিভাগ নিশ্চিত করেছে, বাবা ও ছেলে নভেম্বরের প্রায় পুরো মাস ফিলিপাইনে ছিলেন। অভিবাসন মুখপাত্র ডানা স্যান্ডোভাল বলেছেন, “ভারতীয় নাগরিক সাজিদ আকরাম ও অস্ট্রেলিয়ার নাগরিক নাভিদ আকরাম ১ নভেম্বর সিডনি থেকে ফিলিপাইনে প্রবেশ করেন এবং ২৮ নভেম্বর ম্যানিলা ত্যাগ করেন। এ বিষয়ে তদন্ত চলছে।”
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com