
সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের ওয়াদি আল-দাহাব এলাকার ইমাম আলী বিন আবি তালিব মসজিদে জুম্মার নামাজের সময় একটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) এই তথ্য জানিয়েছে।
হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণটি সম্ভবত আত্মঘাতী হামলাকারী বা আগে থেকে স্থাপিত বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে ঘটানো হয়েছে।-খবর তোলপাড়।
আল মায়াদিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি নামাজের সময় সংঘটিত হওয়ায় মসজিদে থাকা বহু মুসল্লি আহত ও নিহত হয়েছেন।
আল জাজিরার আলেপ্পো সংবাদদাতা আয়মান ওঘান্না জানান, হোমসে আলাউইত, খ্রিস্টান এবং সুন্নি মুসলিম সম্প্রদায়ের বাসস্থান রয়েছে। হামলাটি আলাউইত সম্প্রদায়ের একটি মসজিদকে লক্ষ্য করে চালানো হয়েছে, যা সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে।
ওঘান্না আরও বলেন, এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে সিরিয়ায় সাম্প্রতিক সময়ে জঙ্গি গোষ্ঠী আইএসআইএস (ISIS) এর কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। তিনি উল্লেখ করেন, সরকারি বাহিনী আলেপ্পোর কাছে একটি অভিযানে তিনজন আইএসআইএস সদস্যকে গ্রেফতার করেছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সিরিয়ায় আইএসআইএসের অবস্থানগুলোতে বোমা হামলা চালায়, যা দুই মার্কিন সেনা এবং একজন বেসামরিক দোভাষীর হত্যার প্রতিশোধ হিসেবে বিবেচিত হয়। সিরিয়ার সরকারি বাহিনীও ওই হামলায় অংশগ্রহণ করেছিল।
সূত্র: মেহের নিউজ, আলজাজিরা
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com