
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড কোর্সে ভর্তির জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রেষণ মঞ্জুর করা হয়েছে। ১৩টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ৩০৪ জন শিক্ষক বিএড কোর্সে মনোনীত হয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।-খবর তোলপাড়।
চিঠিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৬ শিক্ষাবর্ষে বিএড কোর্সে ভর্তির জন্য সংযুক্ত তালিকায় বর্ণিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রশিক্ষণবিহীন শিক্ষকদের নাম বিভিন্ন সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ভর্তির জন্য যাতায়াতের সময় ব্যতীত কোর্স শুরুর তারিখ থেকে কোর্স সমাপ্তির তারিখ পর্যন্ত (এক বছর) দুইটি শর্তে প্রেষণ মঞ্জুর করা হলো। প্রশিক্ষণে অংশ নেয়া বাধ্যতামূলক এবং প্রেষণ মঞ্জুর করা প্রশিক্ষণবিহীন শিক্ষকরা ক্লাস শুরুর তারিখ থেকে তাৎক্ষণিক বিমুক্ত বলে গণ্য হবেন।
শর্তগুলো হলো, প্রশিক্ষণ শেষে তাদেরকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন কমপক্ষে তিন বছর চাকরি করতে হবে ও প্রেষণকালীন সময়ে তারা নিজ নিজ কর্মস্থল থেকে বিধি মোতাবেক বেতন-ভাতা নেবেন।
উল্লেখ্য যে, ১৩টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজে মোট ৩০৪ জন সহকারী শিক্ষককে মনোনয়ন দেয়া হয়েছে।
সরকারি টিচার্স ট্রেনিং কলেজেগুলোর মধ্যে ঢাকায় ৫১ জন, রাজশাহীতে ২৭ জন, চট্টগ্রামে ১৫ জন, কুমিল্লায় ১৪ জন, ফেনীতে ১০ জন, সিলেটে ১১ জন, রংপুরে ৪৭ জন, পাবনায় ১২ জন, যশোরে ২২ জন, খুলনায় ২১ জন, বরিশালে ১৩ জন, ময়মনসিংহে ৪৬ জন, ফরিদপুরে ১৫ জন প্রশিক্ষণ করার সুযোগ পাবেন।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com