
হুমায়ুন কবির সূর্য :
কুড়িগ্রামে গত এক সপ্তাহে ৮জন শিশু হামে আক্রান্ত হওয়ার লক্ষ্মণ নিয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪জন জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। দুই জন শিশু বাড়ীতে চিকিৎসা নিচ্ছে এবং অপর দুই শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক।
জানা গেছে, গত এক সপ্তাহ ধরে এসব শিশুদের বাড়িতে টানা জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও শরীরে ব্যাথা বেদনা থাকায় পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি ৪জন শিশু হচ্ছে, শহরের খলিলগঞ্জ এলাকার ওমর ফারুকের ১৫ মাস বয়সী শিশু আরশ, নাগেশ্বরীর মফিজুল ইসলামের এক বছরের মেয়ে মাহিয়া, জেলা শহরের নিমবাগান এলাকার মোফাজ্জলের ১৯ মাস বয়সি ছেলে ফাইয়াজ এবং উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের বকুল মিয়ার দেড় বছরের মেয়ে মুনতাহা।
হাসপাতালে ভর্তি জেলার উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বাজার এলাকার আক্রান্ত দেড় বছরের শিশু মুনতাহার বাবা বকুল মিয়া জানান, অসুস্থ্য মেয়েকে প্রথমে উলিপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করাই। সেখানে হামের উপসর্গ দেখা দেয়ায় গত দু’দিন ধরে এখানে চিকিৎসা করাচ্ছি।
আইসোলেশনে ভর্তি দেড় বছরের শিশু আরশের বাবা ওমর ফারুক জানান, শহরের খলিলগঞ্জ এলাকা থেকে এসেছি। গত এক সপ্তাহ ধরে ছেলে জ্বরে আক্রান্ত। প্রশাবে ইনফেকশন আছে। এছাড়াও সারা গায়ে রেশ দেখা যাচ্ছে। ব্যাথায় বাচ্চাটা আমার ঘুমাতে পারছে না। দুদনি হল হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে এসেছি।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ বলেন, এখন পর্যন্ত ৮জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। আমরা সবার স্বাস্থ্যগত পরীক্ষার জন্য ঢাকায় টেস্ট করার জন্য পাঠিয়েছি। এখন পর্যন্ত একজনের রেজাল্ট নেগেটিভ এসেছে। আজ একজন সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছে। বাকী ৬ জনের রেজাল্ট আমরা পাইনি। এই ৬ জনের মধ্যে ৪জন হাসপাতালে ভর্তি আছে। বাকী দুজন বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছে। আমাদের জেলার পর্যাপ্ত ঔষধপত্র আছে। রোগীর স্বজনদের ভীত না হয়ে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে পরামর্শ দেন তিনি।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com