
বাংলা গানের সম্ভারে নতুন কথা, সুর, ভাবনায় নিজেদের মৌলিক গান নিয়ে সুদীর্ঘ ২১ বছর ধরে পথ চলছে চিরকুট। তাদের একাধিক গান মানুষের মন জয় করেছে।
এবার ফুটসাল বিশ্বকাপ উপলক্ষে চিরকুট ব্যান্ডের জনপ্রিয় ‘যাদুর শহর’ গানটি দিয়ে একটি রিলস বানিয়ে নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।-খবর তোলপাড়।
যা এখন ভাইরাল নেট দুনিয়ায়। দেখছে পুরো বিশ্বের কোটি কোটি ভক্ত।
শনিবার ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফুটসাল বিশ্বকাপ। যেখানে অংশ নিচ্ছে ২৪টি দেশ।
সেই ভিডিও শেয়ার করে ফিফা বাংলায় ক্যাপশন প্রকাশ করেছে। যেখানে তারা লিখেছে, ‘ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদের মাঝে।’
ফিফার পেজে নিজেদের গানের ভিডিও দেখে আপ্লুত হয়েছেন ‘চিরকুট’ এর ভোকাল শারমিন সুলতানা সুমি। নিজের আইডি থেকে সেই ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ছোটবেলা থেকে ফুটবল-ক্রিকেট ভালোবাসি সারা পৃথিবীতে ফিফা ফুটবলের ব্যাপারটা দেখে।
আজকে ফিফার অফিসিয়াল পেইজে একটি কাস্টমাইজড রিলে বাংলাদেশের একটি বাংলা গানের কিছু অংশ ব্যবহার করেছে। গানটা আপনাদের অনেকের পছন্দের, আমাদের ব্যান্ডের ‘যাদুর শহর’। ভালো লেগেছে।
এদিকে ফিফার অফিসিয়াল পেজে বাংলাদেশের একটি ব্যান্ডের গানের ভিডিও দেখে ভক্তরাও বেশ খুশি হয়েছেন।
একইসঙ্গে বাংলা ক্যাপশন ব্যবহার করায় ফিফার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যদিও কারো কারো মতে, এটি এআই দিয়ে তৈরি করা পোস্ট। যে দেশের যেই গানটি ট্রেন্ডে রয়েছে, ভিডিওতে সেই গানটিই বেজে উঠবে।
প্রসঙ্গত, ফুটসাল, ফুটবলেরই আরেকটি সংস্করণ।যেখানে ফুটবলের তুলনায় মাঠ ও গোলপোস্টের আকার ছোট। মূল ফুটবলের তুলনায় খেলোয়াড়ের সংখ্যাটাও থাকে কম। ইনডোরে পাঁচজনের যে ফুটবল, সেটাই মূলত ফুটসাল। ইউরোপ, লাতিন আমেরিকাসহ সারা পৃথিবীব্যাপী এ খেলাটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। ফিফার স্বীকৃতিতে ১৯৮৯ সাল থেকে নিয়মিত এর বিশ্ব আসরও বসছে।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com