কুবিতে সাংগঠনিক কার্যক্রম ও অনুষ্ঠান বন্ধে জরুরি নির্দেশনা
সংবাদদাতা, কুবি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এতে আজ দুপুর ১২ টা থেকে রবিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সকল ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিমের এক নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অনিবার্য কারণবশত আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ১২টা থেকে আগামী রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত, সব ধরনের সাংগঠনিক কার্যক্রম/অনুষ্ঠান বন্ধ থাকবে। এই সময়ে ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের জড়ো করে কোনো অনুষ্ঠান না করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হলো।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দুই হাজার শিক্ষার্থীদের জন্য ফ্রি খিচুড়ি ভোজের আয়োজন করেন কয়েকজন সমন্বয়ক। এতে আওয়ামী সরকারের আমলের একজন কাউন্সিলর অর্থায়ন করেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও এমন আয়োজনের প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন সমন্বয়কদের অনেকে।
এদিকে আওয়ামী লীগ সময়ের একজন কাউন্সিলরের অর্থায়ন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার কথা ছিল শিক্ষার্থীদের।
তবে বিষয়টি নিয়ে ঝামেলা হতে পারে আঁচ করতে পেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, “বিশ্ববিদ্যালয়ের শান্তি, নিরাপত্তার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের মনে হচ্ছে এখানে বিশৃঙ্খলা হতে পারে। এজন্য প্রক্টরিয়াল বডি সিদ্ধান্ত নিছে।”
এ বিষয়ে আয়োজক জান্নাতুল ইভা বলেন, “আপাতত এ বিষয়ে কোন মন্তব্য নেই। আমরা ডিসিশন নিচ্ছি, ডিসিশন নিয়ে জানিয়ে দিব”।









Chief Editor-Dipali Rani Roy