শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের বহিষ্কার করল জামায়াত

প্রকাশের সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সংবাদদাতা, কুমিল্লা:

কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে নাজেহাল করার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলা দক্ষিণ শাখা। তারা এ ঘটনায় জড়িতদের জামায়াতের নেতা বা কর্মী নয়, শুধুমাত্র সমর্থক বলে দাবি করেছে এবং তাদের দল থেকে বহিষ্কারের করার ঘোষণা দিয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) কুমিল্লা জেলা (দক্ষিণ) শাখার প্রচার সেক্রেটারি মু. বেলাল হোসাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, জেলা সেক্রেটারি ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, চৌদ্দগ্রাম উপজেলা আমির মু. মাহফুজুর রহমান ও উপজেলা সেক্রেটারি মু. বেলাল হোসাইন যৌথভাবে বলেন, কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এতে আরও বলা হয়, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জামায়াতে ইসলামী মুক্তিযোদ্ধা ছাড়াও দেশের সাধারণ কোনো নাগরিককে হেনস্তা করা সমর্থন করে না। আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানাই।

নেতারা জানান, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তারা জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের নেতা বা কর্মী নয়। জামায়াতের কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি সমর্থন করে না। স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে জানা গেছে, আবদুল হাই কানু তার এলাকায় হত্যা মামলাসহ ৯টি মামলার আসামি। আমরা মনে করি, আইন-শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে।

তারা আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ঢাকায় থাকা আবুল হাশেম এবং দুবাই ফেরত অহিদুর রহমানের শাস্তি দাবি করছি। পাশাপাশি আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আইন নিজের হাতে নেওয়ার কোনো অধিকার কারো নেই।

অবশেষে তারা উল্লেখ করেন, আমরা আবুল হাশেম, অহিদুর রহমানসহ এই ঘটনার সঙ্গে জড়িত সকলের শাস্তি দাবি করছি এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার ঘোষণা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর