পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪৬
আফগানিস্তানের সীমান্তবর্তী একটি প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। খবর আরব নিউজের।
তিনি বলেন, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় চারটি স্থানে বোমাবর্ষণ করে পাকিস্তান। বোমা হামলায় মোট ৪৬ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের অধিকাংশই শিশু ও নারী। এ ছাড়া এই হামলায় ছয়জন আহত হয়েছেন বলে জানান তালেবান সরকারের এই মুখপাত্র।-খবর তোলপাড়।
এদিকে পাকিস্তানের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে আফগান ভূখণ্ডে পাকিস্তানের হামলাকে বর্বর ও স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করা হয়েছে। পাশাপাশি এই হামলাকে ‘কাপুরুষোচিত কাজ’ উল্লেখ করে তার জবাব দেয়ারও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালে আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়ে চলছে। যদিও পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে এবং জঙ্গিদের পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানোর সুযোগ দিচ্ছে। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে কাবুল।









Chief Editor-Dipali Rani Roy