মিয়ানমারে জান্তা বাহিনী হামলায় নিহত ২৮ জন
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের অস্থায়ী একটি আটক কেন্দ্রে সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ২৮ জন নিহত ও ২৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ জানুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।-খবর তোলপাড়।
টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে আরাকান আর্মি বলেছে, শনিবার স্থানীয় সময় বিকেল পৌনে পাঁচটার দিকে ম্রাউক-ইউ শহরের একটি আটক কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে জান্তা বাহিনী। ওই আটক কেন্দ্রে জান্তা সৈন্যদের পরিবারের সদস্যদের বন্দি রেখেছিল আরাকান আর্মি।
‘‘বিমান হামলায় যারা নিহত ও আহত হয়েছেন, তারা মিয়ানমার সেনাবাহিনীর সৈন্যদের পরিবারের সদস্য। যুদ্ধের সময় আমরা তাদের গ্রেপ্তার করেছি,’’ পোস্টে জানিয়েছে আরাকান আর্মি।
রাখাইনের এই বিদ্রোহী গোষ্ঠী বলেছে, ‘‘আমরা বন্দিদের মুক্তি দেওয়ার পরিকল্পনা করছিলাম, সেই সময় সেখানে বোমা ফেলা হয়েছে।’’
বিবৃতিতে আরাকান আর্মি বলেছে, নিহতদের মধ্যে ৯ শিশুও রয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ২ বছর। বিমান হামলায় নিহত বাকিরা নারী। টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ছবিতে মাটিতে রাখা মৃতদেহের দীর্ঘ সারি দেখা গেছে। এ সময় আশপাশে কয়েকজনকে শোকাহত অবস্থায় দেখা যায়।
এই হামলার বিষয়ে মন্তব্য জানতে জান্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে এএফপি।









Chief Editor-Dipali Rani Roy