Views: 9

দীর্ঘ অবকাশ শেষে আজ রোববার (২৫ অক্টোবর) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে আবারও শুরু হচ্ছে নিয়মিত বিচারিক কার্যক্রম। এক মাস ১০ দিন বন্ধ থাকার পর দেশের সর্বোচ্চ আদালতে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য। তবে অবকাশ-পরবর্তী প্রথম দিনে আপিল বিভাগের এক নম্বর কোর্টে কোনো বিচারিক কার্যক্রম পরিচালিত হবে না।-খবর তোলপাড়।
শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের ইনার ইয়ার্ড প্রাঙ্গণে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এতে প্রধান বিচারপতি এবং আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেবেন।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন আইনজীবীর উপস্থিত থাকার কথা রয়েছে। অবকাশকালীন বিরতির পর বিচার বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আইনজীবীদের এই সাক্ষাৎ হবে নিয়মিত কার্যক্রম শুরুর দিনের অন্যতম আয়োজন।
সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের কারণে আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। ফলে প্রথম দিন ওই আদালতে নিয়মিত বিচারকাজ পরিচালিত হবে না।
অবকাশকালীন ছুটি শেষ হওয়ায় এখন থেকে আপিল ও হাইকোর্ট বিভাগের অন্যান্য নির্ধারিত কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। সংশ্লিষ্ট বিচারপ্রার্থী ও আইনজীবীদের জন্য নিয়মিত আদালত কার্যক্রম পুনরায় শুরু হওয়া গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।