Views: 1

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্মাণাধীন একটি ভবন ধসে প্রাণ হারিয়েছেন অন্তত দু’জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল।-খবর তোলপাড়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পুরোনো দিল্লির চান্দনি চক মেট্রো স্টেশনের কাছে গলি সিতারায় তিনতলা ভবনটি ধসে পড়ে। ভবনটি নির্মাণাধীন ছিল বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছয়টি অগ্নিনির্বাপণ ইউনিট পাঠানো হয়। উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে পানিবাহী গাড়ি ও বিশেষ উদ্ধারযান। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা।
এদিকে, কয়েক দিন আগেও দিল্লিতে ভবনধসের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছিল। উত্তর-পূর্ব দিল্লির মিলান গার্ডেন এলাকায় পুরোনো একটি বাড়ির ওপর নতুন তলা নির্মাণের সময় দুর্ঘটনাটি ঘটে।
নির্মাণকাজ চলাকালে বাড়িটির একটি ছাদ ধসে পড়লে এর ওপরের ছাদও ভেঙে যায়। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন চন্দরপাল (৬০) ও বিজয় কুমার (৩৩)। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।