Views: 3

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১১২ জন। নিহতদের মধ্যে দুই ট্রেনের চালকও রয়েছেন।– -খবর তোলপাড়।
রোববার (৮ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে মিসরের প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয়।
দেশটির পরিবহন মন্ত্রণালয়ের পৃথক এক বিবৃতিতে জানানো হয়, রাজধানী কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত জেলায় দুর্ঘটনাটি ঘটে। ট্রেন দুটির একটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফায়ুম প্রদেশের দিকে যাচ্ছিল। অন্য ট্রেনটি দক্ষিণের আসওয়ান প্রদেশের উদ্দেশে রওনা হয়েছিল। একপর্যায়ে একটি ট্রেনের পেছনের অংশে অপর ট্রেনের সংঘর্ষ হয়।
রোববার গভীর রাতে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় জানায়, দুর্ঘটনার তদন্তে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, একই লাইনে একই দিকে চলতে থাকা কায়রো-আসওয়ানগামী ট্রেনের শেষ বগির সঙ্গে গিজা-ফায়ুমগামী ট্রেনের সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলের কাছাকাছি কাফর গিরজা গ্রামের বাসিন্দা আইমান জামাল জানান, দুই ট্রেনের সংঘর্ষের পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন।
আইমান জামাল বলেন, প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন তিনি। এ ছাড়া স্থির অবস্থায় থাকা একটি ট্রেনের বগিতে কয়েকজন যাত্রী আটকা পড়েছিলেন। পরে উদ্ধার করতে গিয়ে তাঁদের মৃত অবস্থায় পাওয়া যায়।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
মিসরীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
মিসরে ট্রেন লাইনচ্যুত হওয়া ও দুর্ঘটনার ঘটনা নতুন নয়। দেশটির রেলব্যবস্থায় দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা এবং সরঞ্জামের দুর্বল রক্ষণাবেক্ষণের অভিযোগ রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে রেলব্যবস্থার উন্নয়নে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার।
গত সেপ্টেম্বরেও একই আল-আইয়াত জেলায় দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে এক চালক ও তাঁর সহকারী আহত হয়েছিলেন।
মিসরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটেছিল ২০০২ সালে। সে সময় কায়রো থেকে দক্ষিণ মিসরগামী একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।
সূত্র : এএফপি, রয়টার্স