• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৯টিতে ভারপ্রাপ্ত দিয়েই চলছে কার্যক্রম

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

Views: 0

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৯টিতে নেই নিয়মিত প্রধান শিক্ষক ও অধ্যক্ষ। দীর্ঘদিন ধরে এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অধ্যক্ষ দিয়ে চলছে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম। এতে প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। -খবর ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম জানান, উপজেলায় ৪১ টি মাধ্যমিক বিদ্যালয় মধ্যে ১৭টি বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। ১৩টি মাদরাসার মধ্যে লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসা চলছে ভারপ্রাপ্ত দিয়ে এবং ৪টি কলেজের মধ্যে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে। তিনি বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও সহকারী প্রধান শিক্ষক, আবার কোথাও প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের দু’টি পদই শুন্য থাকায় সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

নিয়মিত প্রধান শিক্ষক না থাকায় তাদের ওপর একদিকে শ্রেণিকক্ষে পাঠদান, অন্যদিকে প্রতিষ্ঠানের প্রশাসনিক ও দাপ্তরিক দায়িত্ব পালনের বাড়তি চাপ তৈরী হচ্ছে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের সমন্বয় এবং শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত ও দক্ষ প্রধান শিক্ষক ও অধ্যক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠান পরিচালিত হলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়নমূলক কার্যক্রমে জটিলতা তৈরী হওয়ার আশঙ্কা থাকে।

সংশ্লিষ্ট মহলের দাবী, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ ও শুন্যপদ পূরণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। অন্যথায় শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক গতিশীলতা ব্যহত হতে পারে। এ অবস্থায় আটোয়ারী উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক , একটি আলিম মাদরাসা ও একটি কলেজে অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে দীর্ঘদিনের এ সংকট নিরসনে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।


এই বিভাগের আরও খবর