• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

শীতকালীন সবজিতে বাজার ভরা, তবুও চড়া দামে কষ্টে ক্রেতা

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

Views: 3

ঢাকার বাজারে শীতকালীন সবজির উপস্থিতি বাড়তে শুরু করেছে। বাজারে আসছে নতুন আলু, ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলাসহ মৌসুমি নানা সবজি। তবে সরবরাহ বাড়তে শুরু করলেও দামের ক্ষেত্রে তার প্রভাব এখনো পড়েনি। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। এতে মৌসুমের নতুন সবজি কিনতে গিয়েও বাড়তি খরচের মুখে পড়ছেন সাধারণ ক্রেতারা।-খবর তোলপাড়।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর উত্তরার সমবায় বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে নতুন আলুর পাশাপাশি দেশি টমেটো, গাজর ও অন্যান্য শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। তবে ক্রেতাদের অভিযোগ, মৌসুমি সবজির সরবরাহ বাড়লেও দাম এখনো নাগালের বাইরে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১২০ টাকায়। পুরোনো আলুর দাম তুলনামূলক কম, কেজি ২০ থেকে ২৫ টাকা। গাজর বিক্রি হচ্ছে ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকায়। পুরোনো দেশি টমেটোর দামও কেজিপ্রতি ১৪০ টাকা।

শীতের পরিচিত সবজি ফুলকপি ও বাঁধাকপি পাওয়া যাচ্ছে কেজি ৪০ টাকায়। মুলার দাম ৫০ থেকে ৬০ টাকা এবং শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে। এ ছাড়া শালগম ৮০ টাকা ও ব্রকলি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

অন্যান্য সবজির মধ্যে করলা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৯০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা এবং গোল বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঢ্যাঁড়স, চিচিঙ্গা ও পটলের দাম কেজিপ্রতি ৬০ টাকা। কাঁচা মরিচের দাম ৮০ থেকে ১০০ টাকা। তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে, কেজি ২০ টাকা। লাউ ৫০ থেকে ৬০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শসার দামেও রয়েছে ভিন্নতা। প্রতি কেজি দেশি শসা ৮০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় মসলার মধ্যে পেঁয়াজের দাম কেজি ৫০ টাকা। দেশি রসুন ৯০ টাকা এবং বড় আকারের রসুন ১৮০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। আদার দাম ১৬০ টাকা। আকার অনুযায়ী প্রতি হালি কাঁচা কলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়।

সবজির তুলনায় বাজারে শাকের দাম কিছুটা সহনীয়। লালশাক, পালংশাক, পুঁইশাক, ডাঁটাশাক, কলমিশাক, মুলাশাক, সরিষাশাক ও লাউশাকের আঁটি বিক্রি হচ্ছে ১৫ থেকে ৫০ টাকার মধ্যে। শাকের আকার ও ধরন অনুযায়ী দামের পার্থক্য রয়েছে।

বিক্রেতাদের ভাষ্য, শীতকালীন সবজির মৌসুম শুরু হলেও বাজারে এখনো পর্যাপ্ত পরিমাণে সরবরাহ আসেনি। ফলে চাহিদার তুলনায় পণ্য কম থাকায় দাম বেশি। এর সঙ্গে পরিবহন ব্যয়ও যুক্ত হচ্ছে। ডিসেম্বরের দিকে উৎপাদিত সবজির সরবরাহ বাড়লে বাজারে দাম কমতে পারে বলে মনে করছেন তারা।

তবে বিক্রেতাদের এমন আশ্বাসে খুব একটা ভরসা পাচ্ছেন না ক্রেতারা। বাজার করতে আসা আবদুস সোবহান বলেন, প্রায় সব ধরনের পণ্যের দামই বেশি। বাড়তি দামের কারণে প্রয়োজনীয় পণ্যও পরিমাণমতো কেনা সম্ভব হচ্ছে না। সামর্থ্য অনুযায়ী অল্প অল্প করে কিনতে হচ্ছে। বিক্রেতারা এখন ডিসেম্বরের কথা বলছেন, পরে হয়তো জানুয়ারির কথা বলবেন। কিন্তু সাধারণ মানুষের প্রতিদিনই বাজার করতে হয়। আয় যা-ই হোক, খাবার কিনতেই হবে।

এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাপ্তাহিক বাজারদরের তথ্য বলছে, গত এক সপ্তাহে মোটা চাল ও চিনির দাম বেড়েছে। তবে পেঁয়াজ, আমদানি করা রসুন, দেশি ও আমদানি করা আদা, কাঁচা মরিচ এবং শসার দাম কমেছে। অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়নি।

সবজির পাশাপাশি মাছ-মাংস ও ডিমের বাজারেও রয়েছে মিশ্র চিত্র। গত কয়েক মাস ধরে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে বাজারভেদে তা কমে ১৭০ থেকে ১৮০ টাকায় নেমেছে। লেয়ার মুরগির দাম অবশ্য কেজিপ্রতি ২৩০ থেকে ২৪০ টাকা।

ফার্মের বাদামি রঙের ডিমের দামও কিছুটা কমেছে। প্রতি ডজন ডিম ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

অন্যদিকে মাছের বাজারে তেমন পরিবর্তন দেখা যায়নি। গত সপ্তাহের দরেই বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাছ। প্রতি কেজি রুই মাছের দাম আকারভেদে ২৫০ থেকে ৩৫০ টাকা। তেলাপিয়া ২০০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা এবং পাঙাশ নয়, পাপদা মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে।


এই বিভাগের আরও খবর