ভারি বর্ষণ ও পাহাড়ধসের কারণে পর্যটক এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা বিবেচনায় রাঙামাটির ঐতিহ্যবাহী ‘সাজেক ভ্যালি’ পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
রাঙামাটি জেলা প্রশাসনের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। -সংবাদদাতা,রাঙামাটি।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি বিষয়ক পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে এবং সাম্প্রতিক সময়ে রাঙামাটি পার্বত্য জেলায় অব্যাহত ভারি বর্ষণের কারণে বিভিন্ন স্থানে ভূমিধস ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। একই সঙ্গে পাহাড়ি ঢল ও ধসের কারণে অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থাও মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।
বিদ্যমান আবহাওয়ায় সম্ভাব্য বড় ধরণের ঝুঁকি বিবেচনা করে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।