Views: 0

বাংলাদেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে এ নির্বাচন। প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।-খবর তোলপাড়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশন এ তালিকা প্রকাশ করে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ ধাপে দেশের বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের আগের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।
প্রথম ধাপের নির্বাচনের তফসিল নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন।
সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, পঞ্চম ধাপে ইচ্ছাকৃতভাবেই ইউনিয়ন পরিষদের সংখ্যা কম রাখা হয়েছে।