Views: 7

আধুনিক কাতারের রূপকার, প্রজ্ঞাবান ও দূরদর্শী নেতা এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। জাতীয় সংসদে তাঁর ওপর শোক প্রস্তাব আনা হয়েছে। এছাড়া তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল বুধবার (১৫ জুলাই) দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।-খবর তোলপাড়।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল ১৫ জুলাই, বুধবার সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এদিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়াত শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফেরাত কামনায় বুধবার দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, শেখ হামাদ বিন খলিফা আল থানি আধুনিক কাতার গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও অসামান্য ভূমিকা রেখেছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু হিসেবেও পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক জানাতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম কাতার সফরে গেছেন।