Views: 0

মঙ্গলবার (২৭ অক্টোবর) তৌসিফের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে অভিনয়জীবনের শুরুর দিকের স্মৃতি তুলে ধরেন ফারিয়া। জানান, ঢাকার বাইরে শুটিংয়ে যাওয়ার অনুমতি পেতে তৌসিফের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ ছিল।
তিনি লেখেন, ‘অভিনয় শুরু করার পর, বাসা থেকে ঢাকার বাইরে আমার শুটিংয়ের পারমিশন ছিল না, ফিরতে রাত হতো তাই। শুধুমাত্র তৌসিফ থাকলে আমি পারমিশন পেতাম।’
দেশের বাইরেও প্রথম শুটিংয়ে যাওয়ার অনুমতি পেয়েছিলেন তৌসিফ ও সিয়াম আহমেদ সঙ্গে থাকায়। সে সময় তৌসিফের দায়িত্বশীলতায় মুগ্ধ হয়েছিল তার পরিবার।
ফারিয়া লেখেন, ‘এমনকি দেশের বাইরেও আমার প্রথম শুটিংয়ের পারমিশন পেয়েছিলাম তৌসিফ আর সিয়াম ছিল তাই। ওই বয়সেই তৌসিফ কতটা দায়িত্বশীল হলে আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল!’
ফারিয়ার ভাষ্য, এখনো সহকর্মীদের কাছে অভিভাবকের মতো তৌসিফ। বিপদে পাশে দাঁড়ানো কিংবা আর্থিক প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার জন্যও প্রশংসা কুড়িয়েছেন তিনি।
এ প্রসঙ্গে ফারিয়া লেখেন, ‘অনেকের কাছে শুনি, বিপদে পড়লে সবার আগে এগিয়ে আসে তৌসিফ। কারও টাকার দরকার হলেও সবাই জানে, তৌসিফকে কল করলে সে তার যথাসাধ্য চেষ্টা করে সাহায্য করতে।’
বন্ধুর মানবিকতার প্রশংসা করে তিনি আরও লেখেন, ‘তৌসিফ হয়তো আরও অনেক বড় অভিনেতা হবে, কিন্তু ব্যক্তি তৌসিফ অলরেডি অনেক বড় হয়ে গেছে।’
নির্মাতাদের আস্থা, দর্শকদের ভালোবাসা, পরিবার ও বন্ধুদের সান্নিধ্য—সব মিলিয়ে তৌসিফের অর্জনের কথা তুলে ধরে জন্মদিনে শুভকামনা জানিয়েছেন শবনম ফারিয়া।