Views: 1

মানিকগঞ্জে হাসপাতালে চাকরি দেওয়ার কথা বলে এক যুবকের কাছ থেকে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মানিকগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।-খবর তোলপাড়।
অভিযোগকারী মো. তমাল জানান, মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে সুপারভাইজার পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আরিফুল ইসলাম তার কাছ থেকে জামানত হিসেবে ২ লাখ ৫০ হাজার টাকা নেন। পরে ২০২৫ সালের ২৭ নভেম্বর এস এফ ট্রেড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের প্যাডে তাকে একটি নিয়োগপত্র দেওয়া হয়।
তমালের অভিযোগ, ওই নিয়োগপত্র নিয়ে হাসপাতালে যোগদান করতে গেলে তিনি জানতে পারেন, তার নামে দেওয়া নিয়োগপত্রটি ভুয়া। এরপর টাকা ফেরত চাইলে আরিফুল বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তাকে চাকরি দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়।
অভিযোগে আরও বলা হয়, গত শনিবার (২৪ অক্টোবর) মুঠোফোনে টাকা ফেরত চাইলে আরিফুল তাকে গালিগালাজ ও হুমকি দেন। পরে নিরাপত্তার আশঙ্কায় তমাল মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি এনসিপির জেলা কমিটির কাছেও লিখিত অভিযোগ দেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ওঠা এ অভিযোগ সত্য নয়। আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে। অভিযোগের কোনো ভিত্তি নেই।’
তিনি আরও জানান, এ ঘটনায় তিনি সোমবার আদালতে জুমবাংলা ডটকমের মানিকগঞ্জ প্রতিনিধির বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে ২ কোটি টাকার মানহানি মামলা করেছেন।
এদিকে এস এফ ট্রেড লিমিটেডের ম্যানেজার নাসিম হাওলাদার বলেন, আউটসোর্সিংয়ে নতুন করে কোনো লোকবল নিয়োগ দেওয়া হয়নি। তমাল নামে কাউকে তাদের প্রতিষ্ঠান নিয়োগপত্র দেয়নি বলেও জানান তিনি। আরিফুল ইসলামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।
এনসিপির মানিকগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, অভিযোগটি তারা পেয়েছেন। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে বিষয়টি যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, আরিফুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।