Views: 0

কুড়িগ্রামের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও বিক্রির পাঁচ হাজার টাকাসহ ২৬ মামলার আসামী নয়ন মিয়া ওরফে ‘ন্যাংড়া নয়ন’ (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ২৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।-খবর আব্দুল মালেক, উলিপুর।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। নয়ন ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালানোর সময় জিআর ১৪৪/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন মিয়াকে গ্রেপ্তার করে উলিপুর থানার একটি দল। এ সময় তাঁর ডান হাতে থাকা ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৫ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। এ ছাড়াও ইতিপূর্বে নয়ন মিয়া উলিপুর থানা পুলিশ, ডিবি ও অন্যান্য থানা পুলিশের হাতে একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার নয়ন মিয়ার বিরুদ্ধে ২৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।