Views: 1

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় মো. সদর উদ্দিন খান, মো. আজগর আলী ও মো. আতাউর রহমান আতাকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।-খবর তোলপাড়।
রায়ে মো. মাহবুবুল আলম হানিফকে তার বিরুদ্ধে আনা ১ নম্বর চার্জের ১ থেকে ৬ নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, ১৯৭৩-এর ৩(২)(এ), ৩(২)(জি), ৩(২)(এইচ), ৪(১), ৪(২), ৪(৩) ও ২০(২) ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ২ ও ৩ নম্বর চার্জে দোষী সাব্যস্ত করে একই আইনের একই বিধানে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, আসামি মো. সদর উদ্দিন খান, মো. আজগর আলী ও মো. আতাউর রহমান আতাকে তাদের বিরুদ্ধে গঠিত ১ নম্বর চার্জের ১ থেকে ৬ নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, ১৯৭৩-এর ৩(২)(এ), ৩(২)(জি), ৩(২)(এইচ), ৪(১), ৪(২), ৪(৩) ও ২০(২) ধারায় আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ২ ও ৩ নম্বর চার্জে দোষী সাব্যস্ত করে একই আইনের একই বিধানে তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ে বলা হয়েছে, মো. মাহবুবুল আলম হানিফ, মো. সদর উদ্দিন খান, মো. আজগর আলী ও মো. আতাউর রহমান আতার বিরুদ্ধে গঠিত ৪ ও ৫ নম্বর চার্জ একত্রে বিবেচনা করে সব আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এসব চার্জে প্রত্যেককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, ১৯৭৩-এর ৩(২)(এ), ৩(২)(জি), ৩(২)(এইচ), ৪(১), ৪(২), ৪(৩) ও ২০(২) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ের নির্দেশনা অনুযায়ী, ক্ষতিপূরণের অর্থ জুলাই ফাউন্ডেশন অথবা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।