• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

অভিশংসনের উদ্যোগ নিলে ডেমোক্রেটিক পার্টিই ধ্বংস হয়ে যেতে পারে: ট্রাম্প

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

Views: 1

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা তাঁকে আবারও অভিশংসনের চেষ্টা করলে দলটির রাজনৈতিক ক্ষতি হবে। এমন উদ্যোগ নিলে ডেমোক্রেটিক পার্টিই ধ্বংস হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।-খবর তোলপাড়।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর বুধবার (৪ নভেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন ট্রাম্প।

প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসের নির্মাণাধীন বলরুম পরিদর্শনের সময় সাংবাদিকেরা তাকে অভিশংসনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন। জবাবে ট্রাম্প বলেন, এ নিয়ে তিনি বিন্দুমাত্র উদ্বিগ্ন নন। কোনো কারণ ছাড়াই ডেমোক্র্যাটরা অভিশংসনের উদ্যোগ নিলে তা তাদের দলকেই ধ্বংস করবে। এরপর সাংবাদিকদের প্রশ্ন থামিয়ে বলরুমের নির্মাণকাজের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় দুবার অভিশংসিত হয়েছিলেন ট্রাম্প। তবে দুই দফাতেই সিনেটে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাকে পদ থেকে অপসারণ করা সম্ভব হয়নি।

এবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট- উভয় কক্ষেই নিয়ন্ত্রণ পেয়েছে। ফলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত ও নজরদারির ক্ষমতা আরও বেড়েছে দলটির। এ পরিস্থিতিতে ট্রাম্পের বিরুদ্ধে তৃতীয়বার অভিশংসনের উদ্যোগ নেওয়া হতে পারে কি না, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

তবে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের দায় নিজের ওপর নিতে রাজি নন ট্রাম্প। তার দাবি, তিনি নিজে প্রার্থী হলে জয়ী হতেন। নির্বাচনি প্রচারে সমর্থকদের কাছ থেকে ব্যাপক ভালোবাসা পেলেও সেই সমর্থন রিপাবলিকান প্রার্থীদের পক্ষে কাজে লাগানো সম্ভব হয়নি।

দলীয় প্রার্থীদেরও সমালোচনা করেন ট্রাম্প। তার মতে, কয়েকজন প্রার্থী ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা ‘মাগা’ সমর্থকদের অনুপ্রাণিত করতে ব্যর্থ হয়েছেন।

ইরান যুদ্ধ নির্বাচনে প্রভাব ফেলেছে বলেও আংশিকভাবে স্বীকার করেন তিনি। ট্রাম্পের ভাষ্য, যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ার মতো স্বল্পমেয়াদি পরিণতি ভোটারদের পছন্দ হয়নি। তবে দীর্ঘমেয়াদে এর সুফল পাওয়া যাবে বলে মনে করেন তিনি।

নতুন কংগ্রেসের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন ট্রাম্প। তবে ডেমোক্র্যাটদের পাঠানো কোনো প্রস্তাব পছন্দ না হলে প্রেসিডেন্ট হিসেবে ভেটো ক্ষমতা প্রয়োগ করবেন বলেও সতর্ক করেছেন তিনি।

 


এই বিভাগের আরও খবর