Views: 3

খুলনার রূপসায় শেখ জাকির হোসেন নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।-খবর সংবাদদাতা, খুলনা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের স্বল্পবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হেলমেট পরা দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
জাকির হোসেনকে যখন গুলি করা হয়, তখন খুলনা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি সভা চলছিল। এর মধ্যেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শেখ জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে। তিনি টিএসবি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাইদের বড় ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া এলাকায় হিরকের দোকানে বসে ছিলেন জাকির হোসেন। এ সময় হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র এবং রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ নিয়ে গত দুই বছরে খুলনায় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ১১ নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হলেন।
গত ৫ নভেম্বর ডুমুরিয়ায় গুলিতে নিহত হন শেখ তরিকুল ইসলাম। ওই দিন দুপুর পৌনে ২টার দিকে উপজেলার জোড়া বটতলা এলাকার গাফফারের চায়ের দোকানে তাকে গুলি করা হয়।
নিহত তরিকুল ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে। তিনি পেশায় মাছের ঘের ব্যবসায়ী ছিলেন।