• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ফ্রান্সের ১৫৫ মিলিয়ন ডলারের অর্থায়ন পাচ্ছে বাংলাদেশ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

Views: 5

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং নিরাপদ পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ১৪ কোটি ইউরো অর্থায়নের পরিকল্পনা নিয়েছে ফ্রান্সের সরকারি উন্নয়ন সংস্থা এজেন্স ফ্রঁসেজ দ্য দেভেলপমঁ (এএফডি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১৫৫ মিলিয়ন মার্কিন ডলার। আগামী দুই বছরে ধাপে ধাপে এ অর্থায়ন বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ২০২৭ সালে জলবায়ু খাতে ১০ কোটি ইউরো এবং ২০২৮ সালে পানি ও পয়োনিষ্কাশন খাতে ৪ কোটি ইউরো দেওয়ার কথা রয়েছে।-খবর তোলপাড়।

সম্প্রতি প্যারিসে বাংলাদেশ সরকার ও এএফডির মধ্যে অনুষ্ঠিত সপ্তম বার্ষিক পরামর্শ সভায় ভবিষ্যৎ অর্থায়নের এ পরিকল্পনা তুলে ধরা হয়। গত ৯ ও ১০ নভেম্বর সংস্থাটির সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এএফডির ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়া বিভাগের প্রধান সিরিল বেলিয়ের যৌথভাবে সভাপতিত্ব করেন। এতে দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

তবে এই অর্থায়ন এখনই ছাড় হচ্ছে না। এটি মূলত আগামী দুই বছরের সম্ভাব্য সহযোগিতার একটি পরিকল্পনা। বৈঠকে জানানো হয়, ২০২৭ সালে জলবায়ু নীতিগত সহায়তা হিসেবে ১০ কোটি ইউরো ঋণ দেওয়ার লক্ষ্য রয়েছে। পরের বছর পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪ কোটি ইউরো। তবে দ্বিতীয় অর্থায়নের ক্ষেত্রে ঋণ ও অনুদানের অনুপাত, প্রকল্পের ধরন কিংবা অর্থ ছাড়ের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের জন্য এ অর্থায়ন গুরুত্বপূর্ণ হতে পারে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা, ঘূর্ণিঝড় ও লবণাক্ততার মতো নানা ঝুঁকি দেশের উন্নয়ন কার্যক্রমকে প্রভাবিত করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের নীতিগত সক্ষমতা বাড়ানো, পরিকল্পনা বাস্তবায়ন এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলার প্রয়োজন রয়েছে। এএফডির প্রস্তাবিত ঋণ এ ধরনের উদ্যোগে সহায়ক হতে পারে। তবে ঋণের সঙ্গে কী ধরনের শর্ত বা নীতিগত সংস্কারের বিষয় যুক্ত থাকবে, তা এখনো বিস্তারিত জানানো হয়নি।

অন্যদিকে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন খাতেও দীর্ঘদিন ধরে নানা সংকট রয়েছে। রাজধানী ঢাকায় জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে নিরাপদ পানির চাহিদা বাড়ছে। ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা, পানির উৎস দূষিত হওয়া এবং অপর্যাপ্ত পয়োনিষ্কাশন ব্যবস্থা নগর ব্যবস্থাপনার বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা সমাধানে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আধুনিক পানি ব্যবস্থাপনা জরুরি।

বাংলাদেশে এএফডির চলমান কার্যক্রমেও এ খাত গুরুত্ব পেয়েছে। ঢাকার পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়নে সায়েদাবাদ-৩ প্রকল্পে সংস্থাটি ১১ কোটি ৫০ লাখ ইউরো অর্থায়ন করছে। দীর্ঘমেয়াদি এ প্রকল্পের উদ্দেশ্য রাজধানীতে নিরাপদ ও টেকসই পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা। এ ছাড়া চট্টগ্রামের পয়োনিষ্কাশন ও বর্জ্যপানি ব্যবস্থাপনা উন্নয়নেও সংস্থাটির সহযোগিতা রয়েছে। তবে নতুন করে ২০২৮ সালে যে ৪ কোটি ইউরো দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, তা কোন প্রকল্পে ব্যয় হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

প্যারিসের বৈঠকে বাংলাদেশ তার ভবিষ্যৎ উন্নয়ন অগ্রাধিকারও তুলে ধরে। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, পুঁজিবাজারের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ে তোলা, নদী পুনরুদ্ধার, জলবায়ু সহনশীলতা এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সহযোগিতা চাওয়া হয়। পাশাপাশি কম কার্বন নিঃসরণকারী অবকাঠামো নির্মাণেও আর্থিক ও কারিগরি সহায়তার বিষয়টি গুরুত্ব পায়।

বাংলাদেশের ২০২৬-২০৩১ মেয়াদের পঞ্চম পাঁচ বছর মেয়াদি উন্নয়ন ও সংস্কার কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এসব অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। এএফডিও জানিয়েছে, বাংলাদেশের প্রস্তাবিত উন্নয়ন লক্ষ্য তাদের নিজস্ব কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জলবায়ু সহনশীলতা বাড়াতে সংস্থাটির ‘ক্লাইমেট অ্যান্ড অ্যাডাপটঅ্যাকশন’ কর্মসূচির আওতায় অর্থায়নের পাশাপাশি কারিগরি সহায়তা দেওয়ার বিষয়েও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

বৈঠকে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হয়। বিশেষ করে ২০২৯-৩০ সালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। সরকারি ঋণের বাইরে বেসরকারি খাতে অর্থায়নের সুযোগ তৈরির বিষয়টিও আলোচনায় আসে। তবে এসব খাতে এখনো কোনো নির্দিষ্ট প্রকল্প বা অর্থ বরাদ্দ ঘোষণা করা হয়নি।

এ ছাড়া বাংলাদেশ সরকার ও এএফডির মধ্যে এক্সপার্টিজ অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফান্ড (এফইআরসি) চুক্তির সংশোধনী স্বাক্ষরিত হয়েছে। বৈঠকে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, উন্নয়ন সহযোগিতার কার্যক্রম এবং ভবিষ্যৎ অর্থায়নের সম্ভাব্য ক্ষেত্র পর্যালোচনা করা হয়।

বর্তমানে বাংলাদেশে এএফডির ১২টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে সংস্থাটির মোট অর্থায়ন প্রতিশ্রুতি ১৭৫ কোটি ৪৮ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ঋণ ১৭৩ কোটি ৬১ লাখ ৯০ হাজার ডলার এবং অনুদান ১ কোটি ৮৬ লাখ ২০ হাজার ডলার। নতুন ১৪ কোটি ইউরোর অর্থায়ন পরিকল্পনা এই বিদ্যমান প্রতিশ্রুতির বাইরে।


এই বিভাগের আরও খবর