• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

উদ্যোক্তা হওয়ার স্বপ্নে কুড়িগ্রামের শিক্ষিত পাঁচ তরুণ ২০ হাজার টাকায় দিলো ব্যতিক্রমী চুইঝালের মুড়ির দোকান

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

Views: 2

প্রতিদিন বিক্রি ১০ হাজার টাকা

পিএম সৈকত: 

উচ্চশিক্ষার সনদ হাতে নিয়ে চাকরির অপেক্ষায় বসে থাকেননি তাঁরা। বরং নিজেরাই কর্মসংস্থান গড়ার স্বপ্ন দেখেছেন পাঁচ বন্ধু। মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেন চুইঝালের মুড়ির ছোট্ট দোকান। ব্যতিক্রমী স্বাদে ক্রেতাদের মন জয় করে এখন প্রতিদিন বিক্রি করছেন ৮ থেকে ১০ হাজার টাকার মুড়ি। তাঁদের ছোট্ট উদ্যোগ ঘিরেই তৈরি হয়েছে স্বাবলম্বী হওয়ার নতুন সম্ভাবনা।

কুড়িগ্রামের রাজারহাট বাজারের তিস্তা রোডে রেললাইনের পাশে সন্ধ্যা নামলেই দেখা মেলে ব্যতিক্রমী এই উদ্যোগের। ২০ টাকার এক বাটি মুড়িতে রসুন, স্থানীয় চুইঝাল ও বিশেষ মসলার মিশ্রণ। কেউ দোকানে দাঁড়িয়ে খাচ্ছেন, কেউ পরিবারের সদস্যদের জন্য নিয়ে যাচ্ছেন পার্সেল করে। স্বাদের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশনায়ও নজর কেড়েছে দোকানটি।

এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন পাঁচ বন্ধু—নুর আলম, নাহিদ হাসান, আলামিন ইসলাম, মনির হোসেন ও ফেরদৌস আহমেদ। তাঁদের মধ্যে নুর আলম ও নাহিদ হাসান স্নাতকোত্তর এবং অন্য তিনজন স্নাতক (অনার্স) সম্পন্ন করেছেন। উচ্চশিক্ষা শেষ করে চাকরির পেছনে না ছুটে নিজেদের শ্রম ও মেধায় কিছু করার প্রত্যয় থেকেই অক্টোবরের শুরুতে তাঁদের এই যাত্রা।

ব্যবসার প্রস্তুতিও চলে নিজেদের হাতেই। সকালে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও বিশেষ মসলা তৈরি করেন তাঁরা। বিকেলে বসেন রেললাইনের পাশের অস্থায়ী দোকানে। প্রতিদিন প্রয়োজন হয় ২৩ থেকে ২৫ কেজি মুড়ি। মাসে বিক্রির পরিমাণ প্রায় তিন লাখ টাকা। খাবার পরিবেশনে ব্যবহার করছেন ফুড গ্রেড পেপার।
উদ্যোক্তা নুর আলম বলেন, ‘আমরা সবাই শিক্ষিত। আপাতত নিজেদের দৈনন্দিন আয়ের ব্যবস্থা করতেই এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে একটি কোম্পানি চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চা ও কফিও চালু করতে চাই।’

নাহিদ হাসান বলেন, ‘আমাদের এলাকায় চুইঝালের চাষ হয়। কিন্তু স্থানীয়ভাবে এর ব্যবহার তুলনামূলক কম। এখানকার চুইঝাল দেশের দক্ষিণাঞ্চলেও সরবরাহ করা হয়। সেই স্থানীয় সম্পদকে কাজে লাগিয়েই আমাদের যাত্রা শুরু। মানুষের ভালো সাড়া পাচ্ছি।’

উদ্যোক্তা ফেরদৌস আহমেদ বলেন, ‘এই উদ্যোগ শুধু মুড়ি বিক্রির ব্যবসা নয়, নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা।’

আলামিন ইসলাম জানান, ক্রেতাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে ভবিষ্যতে এই উদ্যোগ আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে চান তাঁরা।

অন্যদিকে মনির হোসেন বলেন, ‘মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেছি। এখন প্রতিদিন ৮ থেকে ১০ হাজার টাকার মুড়ি বিক্রি হচ্ছে। খরচ বাদে লাভ খুব বেশি না হলেও নিজেদের উদ্যোগে আয় করতে পারাটাই আমাদের কাছে বড় অর্জন।’

উপজেলার নাজিমখান এলাকা থেকে বাবা-মায়ের সঙ্গে মুড়ি খেতে আসা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাজমা আক্তার বলে, ‘বন্ধুর বাবার কাছে চুইঝালের মুড়ির কথা শুনেছিলাম। তাই আজ বাবা-মাকে নিয়ে খেতে এসেছি। মাত্র ২০ টাকায় এত কিছু পাওয়া যাবে ভাবতেই পারিনি। খেতে খুব ভালো লেগেছে।’

কুড়িগ্রাম শহর থেকে বন্ধুদের নিয়ে আসা মমিনুল ইসলাম বাবু বলেন, ‘চুইঝাল দেওয়া মুড়ির খবর পেয়ে বন্ধুদের নিয়ে এসেছি। খেয়ে বেশ ভালো লেগেছে। স্বাদটা অন্য রকম।’

রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, ‘পাঁচ শিক্ষিত তরুণ নিজেরাই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। তাঁদের এই উদ্যোগে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। আন্তরিকতা ও প্রচেষ্টা অব্যাহত থাকলে তাঁদের স্বপ্ন বাস্তবায়িত হবে বলে আশা করি।’


এই বিভাগের আরও খবর