Views: 2

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশিল্পের অস্থিরতা কাটছে না। এরই মধ্যে নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসব কারখানার মধ্যে সাতটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।-খবর তোলপাড়।
রোববার (১৫ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকেরা। কেউ কেউ দীর্ঘসময় অপেক্ষা করেও কাজ শুরুর বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে কাজ হারানোর আশঙ্কার পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছেন হাজারো শ্রমিক।
রোববার সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের মৌচাক, সফিপুর, কোনাবাড়ী ও পল্লীবিদ্যুৎ এলাকায় সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সকাল থেকে পোশাকশ্রমিকেরা কাজে যোগ দিতে কারখানার ফটকে আসেন। তবে বন্ধের নোটিশ দেখে অনেকেই ফিরে যান। আবার কাউকে কাউকে দীর্ঘসময় কারখানার সামনে অপেক্ষা করতেও দেখা যায়।
কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর ও রতনপুর এলাকার করণীসহ সাতটি কারখানার ফটকে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানানো হয়েছে।
শ্রমিকেরা বলেন, প্রতিদিন কারখানায় এসে নতুন কোনো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সকালে এসে ছুটির খবর শুনে ফিরে যেতে হয়। এবার আবার অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়েছেন তাঁরা।
এদিকে বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় কয়েক দিন ধরে উত্তপ্ত গাজীপুরের শিল্পাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় পুলিশ, শিল্প রিজার্ভ বাহিনী (এসআরবি), আনসার ও বিজিবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলন, পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও সেখানে উৎপাদন কার্যক্রম চলছে না।
তিনি বলেন, রোববার থেকে কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে সঠিক তথ্য বা নোটিশ এখনো শিল্প পুলিশের কাছে পৌঁছায়নি। কারখানা কর্তৃপক্ষ হয়তো আজই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
পুলিশ সুপার আরও জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনেক কারখানায় সকালে ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।